কলকাতার ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ) ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জুমার নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য গণজমায়েত ঠেকাতে শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিধাননগর পুলিশ প্রশাসন জানিয়েছে, বিমানবন্দরসংলগ্ন বাঁকড়া এলাকার ৭ নম্বর গেট এবং মসজিদসংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পূর্বে ১৪৪ ধারা নামে পরিচিত ছিল) জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জুমার নামাজের আগে থেকেই পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে মসজিদ ও আশপাশের এলাকা। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হচ্ছে, ১৬৩ ধারা বলবৎ থাকায় একসঙ্গে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। একই সঙ্গে বহিরাগত কাউকে মসজিদের প্রবেশপথের দিকে যেতে দেওয়া হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সংবাদ সম্মেলনে রাজ্যের প্রায় এক কোটি মুসলিমকে কালো ব্যাজ ধারণ করে শুক্রবার জুমার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাঁকড়ার ৭ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ সমাবেশেরও ঘোষণা দেন।
এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই প্রশাসন নিরাপত্তা জোরদার করে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সময়ের আলো/কেএইচও