চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে নেতাকর্মীদের অতিরিক্ত চাপে মঞ্চ ধসে পড়ে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেঁটে অনুষ্ঠানস্থলের মঞ্চে ওঠেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। মন্ত্রী মঞ্চে ওঠার পরপরই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে ও ছবি তুলতে মঞ্চে উঠে পড়েন। একপর্যায়ে অতিরিক্ত ওজনে পুরো মঞ্চটি ধসে পড়ে। এতে মন্ত্রীসহ মঞ্চে থাকা সব অতিথি ও নেতাকর্মী নিচে পড়ে যান।
মঞ্চ ভেঙে পড়ার পর কিছুটা অপ্রস্তুত হয়ে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দ্রুত ওই এলাকা ত্যাগ করে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা হন।
মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার পরপরই স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে সেখানে ত্রাণ বিতরণ শুরু হয়। তবে এ সময় কোনো নিয়মতান্ত্রিক শৃঙ্খলা না থাকায় ত্রাণ নিতে আসা বন্যার্তদের মাঝে চরম হুড়োহুড়ি ও ঠেলাঠেলি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাক্কাধাক্কিতে নারী ও পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, মন্ত্রীর ত্রাণ বিতরণের জন্য মঞ্চ উঠলে মঞ্চ ধসে উপস্থিত সবাই নিচে পড়ে যান।
তিনি আরও বলেন, এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমি জানিনা। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।
সময়ের আলো/জোই