ছোটপর্দার আলোচিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাচ থেকে মডেলিং, তারপর অভিনয়ে নাম লেখান তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয়দক্ষতায় তুমুল ব্যস্ত অভিনেত্রী হিমি। কয়েক বছর ধরে উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। ইউটিউব ও টেলিভিশন দুই জায়গাতে হিমির জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও নেই চলচ্চিত্রে। অভিনয়জীবনের শুরুতে ‘হঠাৎ দেখা’ সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এরপর আর তাকে দেখা যায়নি বড়পর্দায়। একাধিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করেননি। তার সমসাময়িক অনেকেই সিনেমায় নাম লেখিয়ে নিয়মিত হওয়ার চেষ্টায় থাকলেও আগ্রহ নেই হিমির।
চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সত্যি বলতে নাটকে অভিনয় করতেই বেশি ভালো লাগে। সিনেমাতে অভিনয় করার জন্য যে গভীর একটা অনুভূতি বা আবেগ বা ভালোবাসা বা আগ্রহ যাই বলি না কেন, সেটা আমার মধ্যে কাজ করে না। যে কারণে সিনেমাতে কাজ করার ইচ্ছা নেই। এ ছাড়া আমার কাছে মনে হয় এই মুহূর্তে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি।
হিমি আরও বলেন, এখন তো আসলে আমাদের দেশে সিনেমা শুধু ঈদকেন্দ্রিক হয়ে গেছে। তাও আবার সেই লেভেলের সিনেমা হতে হয়। বিরাট বাজেট, সুন্দর গল্প, এ ছাড়া আরও অনেক কিছুই সংশ্লিষ্ট। তো এত কিছু ভাবার চেয়ে নাটক নিয়েই আমি বেশ ভালো আছি, দর্শক ভীষণ ভালোবাসে আমাকে। আমিও তাদের মনের মতো গল্পের নাটক উপহার দিতে পারছিÑ এটাই একজন অভিনেত্রী হিসেবে আমার অনেক ভালো লাগার। নাটকে প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে। নাটক নিয়ে আরও ভালো ভালো কাজ করতে চাই।
এদিকে সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া টানা তিনটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হিমি। নাটকগুলো হলোÑ তানভীর তন্ময় পরিচালিত ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’। নাটকগুলোতে তার অভিনয় দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে।
প্রসঙ্গত, হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। ২০১৪-সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে অভিনয়ে সুযোগ হয় তার। শঙ্কর চন্দ্র ও অরুণ চৌধুরী পরিচালিত ‘মোহর আলী’ তার অভিনীত প্রথম নাটক। এর পর অসংখ্য নাটকে কাজ করেছেন। অভিনেতা নিলয়ের সঙ্গে সর্বাধিক নাটকে জুটি বেঁধেছেন তিনি। ভিউয়ের প্রতিযোগিতায়ও পিছিয়ে নেই এই অভিনেত্রী। হিমি অভিনীত ১০৯টি নাটক ১ কোটি ভিউ ছাড়িয়ে গত বছরে।
সময়ের আলো/এসএকে