বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের সবচেয়ে বড় ভাবনার নাম লিওনেল মেসি। চলতি আসরে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা অধিনায়ক ইতোমধ্যে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছেন। শেষ দুই ম্যাচে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন তিনি। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে মেসিকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে স্পেন।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার যুব দলের কোচ থাকার সময়ের একটি স্মৃতি টেনে এনে তিনি জানান, মেসিকে আটকানো কতটা কঠিন, সেটি তিনি বহু আগেই বুঝেছিলেন।
তিনি বলেন, স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটি ছেলেকে নিয়ে অনেক ভালো কথা শুনেছিলাম। তাই শুরু থেকেই তাকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ০-০। কিন্তু তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখার পর মাত্র ১৫ মিনিটে মেসি চার গোল করে ফেলেছিল।
এরপর তিনি বলেন, এর মানে কী? আমরা কি তাকে পুরো ম্যাচে ম্যান-মার্ক করব? না। কিন্তু আমরা কি তাকে কড়া নজরে রাখব? অবশ্যই।
ফাইনালের আগে আরেকটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে মেসি ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের তুলনা। তবে এই তুলনায় মোটেও আগ্রহী নন স্পেন কোচ। তার মতে, ইয়ামালকে নিজের মতো করেই বেড়ে উঠতে দিতে হবে।
দে লা ফুয়েন্তে বলেন, মেসি অদ্বিতীয়। সে অসাধারণ প্রতিভাবান এবং তরুণ ফুটবলারদের জন্য অনুকরণীয়। কিন্তু লামিনকে লামিনই থাকতে হবে। আমরা তাকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি তাকে তার নিজের পরিচয়ে বেড়ে উঠতে দিয়ে।
আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সেখানে মেসিকে আটকে রাখার চ্যালেঞ্জই হতে যাচ্ছে স্প্যানিশদের সবচেয়ে বড় পরীক্ষা।
সময়ের আলো/কেএইচও