রাজশাহীর বাঘার আড়ানী পৌর বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের অংশসহ ভেতরের কিছু আসবাবপত্র ও ব্যানার-পোস্টার পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হঠাৎ আড়ানী পৌর বিএনপি কার্যালয়ের সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই তারা কার্যালয়টি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। বোমার আঘাতে মুহূর্তের মধ্যে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ ও আগুন দেখে স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতাকর্মীরা দ্রুত ছুটে আসেন এবং নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে রাতেই বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
এদিকে পরদিন শনিবার (১৮ জুলাই) সকালে আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয়টি পরিদর্শনে যান রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
পরিদর্শন শেষে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক কার্যালয়ে এই ধরনের কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতকারী ও হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এই নাশকতামূলক কাজের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই