প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। সংগৃহীত ছবিরাজধানীর দক্ষিণখানে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর মারা গেছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে। তার বাবা পেশায় বাস চালক। তিনি দক্ষিণখান মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা খালু গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক ধোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত রিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায় সে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত শিশির আগে স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করলেও বর্তমানে তেমন কোনো কিছু করতেন না। মাঝেমাঝে বাবার বাসে হেল্পারি করতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিনখান থানা পুলিশ তদন্ত করছে।
সময়ের আলো/জেডি