সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৩ জন ভিক্ষুকের মাঝে ১ টি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কল্যাণমুখী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দুটি স্কুলের কিশোরীদের মাঝে ২০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ছবি : সময়ের আলো
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এসব সামগ্রী বিতরণ করেন।
এর আগে, গাড়াদহ ইউনিয়নের মশিপুরে খাল পুনঃখনন পরিদর্শন শেষে বৃক্ষ রোপণ করে, অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও, এদিন বিভিন্ন বিদ্যালয়ে চেয়ার, বেঞ্চ, ফ্যান এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিতের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।