ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘আপনাদের জনগণের সেবক হতে হবে। সরকারের উন্নয়ন কাজ করতে হলে বসে থাকার সুযোগ নেই, প্রতিটি মুহূর্তকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আগামী ৫ বছরে আমরা বাংলাদেশের দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চাই। বিশেষ করে চট্টগ্রামে যেভাবে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, তা একদিন ইতিহাস হয়ে থাকবে। যেখানে দেশের স্বার্থ জড়িত, সেখানে কারো সঙ্গে কোনো আপস করা হবে না।’
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক আয়োজিত চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এ দেশের জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের প্রকৃত মালিক হিসেবে তাদের স্বীকৃতি দিতে চায়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।’
এ সময় তিনি চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জোর দিয়ে বলেন, ‘পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হলে নদী-নালা এবং খাল-বিলের পানির চলাচল যেকোনও মূল্যে সচল রাখতে হবে।’
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সময়ের আলো/মহু