ফলাফল যাই হোক, আমরা ইতিহাস লিখে ফেলেছি : মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে সতীর্থ, কোচিং স্টাফ এবং নেপথ্যের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এক আবেগঘন

2026-07-19T14:27:12+00:00
2026-07-19T14:27:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফলাফল যাই হোক, আমরা ইতিহাস লিখে ফেলেছি : মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম 
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে সতীর্থ, কোচিং স্টাফ এবং নেপথ্যের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 

পুরো দলের একটি বিশেষ ও স্মরণীয় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি জানিয়েছেন, ফাইনালের ফলাফল যা-ই হোক না কেন, এই দল ইতোমধ্যে এমন এক অনন্য ইতিহাস গড়ে ফেলেছে যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী মহারণের আগে আর্জেন্টিনা শিবিরের এই ঐক্যবদ্ধ ছবি সামনে আসে। ছবিতে শুধু খেলোয়াড় বা কোচিং স্টাফরাই ছিলেন না, বরং এক ফ্রেমে ধরা দেন দলের মেডিকেল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি থেকে শুরু করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়াসহ পরিচালনা পর্ষদের সকল সদস্য। আর সেই বিশেষ ছবির একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং অধিনায়ক মেসি ও প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনালের দোড়গোড়ায় দাঁড়িয়ে থাকা ৩৯ বছর বয়সী মেসি ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে তার মনের অনুভূতি প্রকাশ করেন। তিনি লিখেছেন, এত বছরের দীর্ঘ পথচলায় তাদের সবচেয়ে বড় অর্জন শুধু ট্রফি বা মেডেল নয়, বরং এই পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিটি দিন পার করা, একসঙ্গে মাঠে লড়াই করা, কঠিন পরিস্থিতি থেকে সবাই মিলে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারাই তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।

আর্জেন্টাইন এই মহাতারকা পর্দার আড়ালের মানুষদের অবদানের কথা স্মরণ করে আরও বলেন, ‘আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং যাঁরা প্রতিদিন পর্দার আড়ালে থেকে এই দলটিকে একটি ভালোবাসার পরিবারের মতো ধরে রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল মাঠের লড়াইয়ে যা-ই ঘটুক না কেন, আমরা এমন একটি ইতিহাস লিখেছি, যা আমরা নিজেরা কখনও ভুলব না এবং কেউ তা ইতিহাস থেকে মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।’ 


২০২২ সালের কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে পা রেখেছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এই প্রথম শিরোপার এত কাছে পৌঁছাতে পেরেছে স্প্যানিশরা। 

মেটলাইফ স্টেডিয়ামের এই হাই-ভোল্টেজ ম্যাচেই আজ নির্ধারিত হতে যাচ্ছে আর্জেন্টিনার ঘরে কি উঠবে তাদের চতুর্থ বিশ্বকাপ ট্রফি, নাকি স্পেন নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নেবে। তবে মাঠের ফলের বাইরে মেসির এই বার্তা প্রমাণ করে, শিরোপার চেয়েও দলের ঐক্য ও দীর্ঘ পথচলাই তাদের কাছে সবচেয়ে মূল্যবান।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ফলাফল  ইতিহাস  মেসি  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: