এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এখনো সময় আছে, ঠিক হয়ে যান। জনগণের আকাঙ্ক্ষা বুঝুন। না হলে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার রেডি রাখুন। জনগণ যদি ক্ষিপ্ত হয়, তবে কোনো দেশ আপনাদের রক্ষা করতে পারবে না। ভারতের আজ্ঞাবহ না হয়ে জনগণের মাঝে ফিরে আসুন।’
জুলাই বিপ্লবের ২ বছর পূর্তিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ জুলাই) বিকেলে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলায় উপজেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে শহিদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘বাংলাদেশে আমরা উপনীত হয়েছি মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য। জুলাই আন্দোলনে রংপুরের সন্তান আবু সাঈদ সেই স্বপ্নই দেখিয়েছিলেন। তিনি দেখেছিলেন, বাংলাদেশে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি হয় না। তখন চাকরির একমাত্র চাবিকাঠি ছিল ছাত্রলীগ-যুবলীগ।’
বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে সেই একই অবস্থা ফিরে এসেছে যুবদল-ছাত্রদলের মাধ্যমে। এখন যুবদল-ছাত্রদল বা বিএনপি না করলে চাকরি হয় না। শহিদ আবু সাঈদ যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন, ২০২৬ সালে এসে কি আমরা সেই বাংলাদেশ পেয়েছি?’
পথসভায় এ অঞ্চলের প্রধান অর্থনৈতিক উৎস পাথর শিল্প নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ‘দুই নম্বরি’ বরদাশত করা হবে না বলে এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বক্তারা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে এবং বৈষম্যহীন সমাজ গড়তে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু