ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেও শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করেছেন অনেকে।
রোববার (১৯ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশমুখে মানুষের চাপ বেড়ে যায়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে অনেকেই ক্যাম্পাসে প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত, এই পাঁচটি প্রবেশমুখে ব্যারিকেড স্থাপন করেন। শুরুতে প্রবেশ নিয়ন্ত্রণ করা গেলেও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
নির্দেশনা অনুযায়ী, এ সময় শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে। এছাড়া অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং এবং সরকারি যানবাহন প্রবেশ করতে পারবে।
তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ব্যারিকেড টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে