শাকিরা, বিটিএসসহ হাফটাইম শো মাতাবেন যেসব তারকা

খেলা

২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড ও মার্কিন সংগীতশিল্পী পোস্ট ম্যালোন। যুক্তরাষ্ট্রের নিউ

2026-07-20T01:30:57+00:00
2026-07-20T01:33:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনাল ২০২৬
শাকিরা, বিটিএসসহ হাফটাইম শো মাতাবেন যেসব তারকা
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৩০ এএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১:৩৩ এএম
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড ও মার্কিন সংগীতশিল্পী পোস্ট ম্যালোন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০ হাজারের বেশি দর্শক, বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথি ও তারকারা।

অনুষ্ঠানের শুরুতেই নৃত্যশিল্পী ও ড্রামারদের সঙ্গে মঞ্চে ওঠেন আইশোস্পিড। প্রাণবন্ত পরিবেশনায় তিনি ফাইনালের উত্তেজনা আরও বাড়িয়ে দেন। এরপর মঞ্চে আসেন পোস্ট ম্যালোন। নিজের জনপ্রিয় গান ‘ওয়াও’ পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান এই মার্কিন তারকা।

সমাপনী অনুষ্ঠানে আরও অংশ নেওয়ার কথা রয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজ, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস, ইতালীয় সংগীতশিল্পী লরা পাওসিনি এবং মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গারের। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লরা পাওসিনি বলেন, রবি উইলিয়ামসের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাওয়া তার জন্য দারুণ রোমাঞ্চের। তিনি বলেন, ‘রবি যখন আমাকে একসঙ্গে পারফর্ম করার আমন্ত্রণ জানায়, তখন সত্যিই আমার গায়ে কাঁটা দিয়েছিল। তিনি আমার প্রিয় শিল্পীদের একজন।’


তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বিরতির হাফটাইম শো। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে সুপার বোলের আদলে এই আয়োজন করা হচ্ছে। এতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, নাইজেরিয়ার বার্না বয় এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

সম্প্রতি নতুন অ্যালবাম ‘কনফেশন টু’ প্রকাশের পর আবার আলোচনায় আসা ম্যাডোনা এই শোর অন্যতম আকর্ষণ। অন্যদিকে, স্বাস্থ্যগত সমস্যার কারণে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফেরা জাস্টিন বিবারও থাকছেন এই বিশেষ আয়োজনে।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করা শাকিরা ও বার্না বয় আবারও একই মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান 'দাই দাই' টুর্নামেন্টজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিন বছরের বিরতির পর একত্র হওয়া বিটিএসের পরিবেশনাও ঘিরে ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

ফিফা জানিয়েছে, ম্যাচের বিরতি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে রাখা হবে। এর মধ্যে হাফটাইম শোর মূল পরিবেশনা চলবে প্রায় ১১ মিনিট। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের একটি অংশ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে। এর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষার জন্য ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শাকিরা  বিটিএস  হাফটাইম  শো মাতাবেন  তারকা  বিশ্বকাপ ফাইনাল ২০২৬ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: