মাদারীপুরে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে যুবককে আটক করেছে

2026-07-20T13:04:11+00:00
2026-07-20T13:11:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুরে জাল টাকা ও সরঞ্জামসহ যুবক আটক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ১:১১ পিএম
আটক যুবক। ছবি : সময়ের আলো
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক দীন ইসলাম একই এলাকার বাসিন্দা।

জব্দকৃত জাল টাকা ও সরঞ্জাম। ছবি : সময়ের আলো

জব্দকৃত জাল টাকা ও সরঞ্জাম। ছবি : সময়ের আলো


মাদারীপুরের র‍্যাব-৮, সিপিসি-৩ সূত্রে জানা যায়, চরজগমোহন এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া, সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।


জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার, জাল টাকা তৈরির রং, একটি এন্ট্রিকাটার, একটি স্কেল, দুটি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল নোট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর সাইজের কাগজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকা হিসেবে বাজারে সরবরাহ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে আটক যুবক ও জব্দ করা আলামত আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   মাদারীপুর  জাল টাকা  নোট  যুবক  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: