ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ইয়ামাল, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল করমর্দন করেননি— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-07-20T22:12:46+00:00
2026-07-20T22:12:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ইয়ামাল, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম 
স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল করমর্দন করেননি— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে প্রকাশিত স্থিরচিত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য বলছে, ভিডিও দেখে যে ধারণা তৈরি হয়েছে, বাস্তবে তা সঠিক নয়। ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছিল। 

সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের হাসি হাসে স্প্যানিশরা।

ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের খেলোয়াড়দের পদক প্রদানেও অংশ নেন তিনি। সেই সময়ের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ইয়ামাল ট্রাম্পের কাছ থেকে পদক নিচ্ছেন। ভিডিওর একটি অংশ দেখে অনেকেই দাবি করেন, করমর্দন না করেই তিনি সামনে এগিয়ে যান।


তবে পরে প্রকাশিত বিভিন্ন স্থিরচিত্রে দেখা যায় ভিন্ন দৃশ্য। রয়টার্স কানেক্টের প্রকাশিত একটি ছবিতে স্পষ্টভাবে দেখা যায়, পদক গ্রহণের সময় ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন ইয়ামাল। তাদের পাশে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। পদক নেওয়ার সময় ইয়ামাল মাথা নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফলে ভাইরাল ভিডিওর ভিত্তিতে যে দাবি ছড়িয়েছিল, স্থিরচিত্র তা খণ্ডন করেছে।

এবারের বিশ্বকাপ ইয়ামালের জন্যও বিশেষ স্মরণীয়। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার গতি, সৃজনশীলতা ও প্রভাব ছিল চোখে পড়ার মতো।

ক্লাব ফুটবলেও দারুণ সময় কাটছে বার্সেলোনার এই উইঙ্গারের। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের হয়ে স্প্যানিশ লিগ জয়ের পর এবার জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপও জিতলেন তিনি। অল্প বয়সেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় দুই আসরে সাফল্য পাওয়ায় ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তাকে নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।

বিশ্বকাপ জয়ের পর থেকেই ২০২৬ সালের ব্যালন ডি'অর নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইউরোপীয় ফুটবলে সাফল্য এবং বিশ্বকাপ শিরোপা জয়ের কারণে ইয়ামালকে সম্ভাব্য দাবিদারদের একজন হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জয়ী স্পেনের মিডফিল্ডার রদ্রিও এ লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ইয়ামাল  ট্রাম্প 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: