মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রস্তাব করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এ ছাড়া আরএসও,

2026-07-21T04:30:20+00:00
2026-07-21T04:30:20+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়ার প্রস্তাব করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩০ এএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এ ছাড়া আরএসও, আরসা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীরও তৎপরতা রয়েছে। এসব সংঘাতের প্রভাব অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। মাদক চোরাচালান, সীমান্তের অস্থিতিশীলতা এবং ওপার থেকে ছোড়া গোলাগুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় মিয়ানমার সীমান্ত বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার ১০৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব করেছে। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গতকাল বিকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের শহিদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দরবার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিজিবি সদর দফতর পরিদর্শনে বাহিনীর বিভিন্ন কার্যক্রম, সক্ষমতা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল বৃদ্ধি, যানবাহন, বিভিন্ন ধরনের সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল পাওয়ার হিসেবে বিজিবির ভূমিকা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। 

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় বিজিবি ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সীমান্ত পাহারার বাইরেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। 

এ ছাড়া বিজিবির বিভিন্ন স্থাপনার সক্ষমতা বাড়াতে প্রশাসনিক ভবন নির্মাণ, স্বাস্থ্যসেবা জোরদার, চিকিৎসক ও নার্স নিয়োগসহ যেসব বিষয় বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলো দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে ল্যান্ডমাইনের ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাইন শনাক্ত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে বিজিবিকে দেওয়া হয়েছে। এ বিষয়ে সদস্যদের সঙ্গে কাজ চলছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এ ছাড়া ভারত থেকে কথিত ‘পুশইন’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কাউকে অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেয়নি। বিজিবি ও সাধারণ মানুষের সহযোগিতায় এ ধরনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। কিছু অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হলেও তা বড় আকার ধারণ করেনি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করেন, তা হলে নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা পাঠাতে হবে। বাংলাদেশ জাতীয়ভাবে পরিচয় যাচাই করবে। যাচাইয়ে সত্যতা মিললে আইনগত প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনা হবে।

বিজিবি সদস্যদের জন্য বিশেষ পুরস্কার চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিজিবিতে প্রতি বছর পদক দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশেষ বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে অতিরিক্ত কী করা যায়, সে বিষয়ে তিনি বিজিবি প্রধানের সঙ্গে আলোচনা করবেন।

এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে তিনি পার্শ্ববর্তী দেশে ছিলেন বলে জানা যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনা আইনে তার বিচার হবে এবং জেনারেল কোর্ট মার্শাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগের বিচার ও রায়ের আলোকে তার বিরুদ্ধে কী ধরনের সিদ্ধান্ত হবে সেটিও ওই আদালত বিবেচনা করবে। সিভিল আদালতে নতুন করে মামলা বা পুনরায় বিচার প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তিকে একই অপরাধে দুই আইনে বা দুবার বিচার করা যায় না। তবে সিভিল কোর্টের কোনো বিষয় থাকলে তা আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে।


এর আগে পিলখানাস্থ শহিদ শাকিল আহমেদ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে (বিওপি) কর্মরত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। 

মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদার আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   মিয়ানমার. সীমান্ত  কাঁটাতার  বেড়া  প্রস্তাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: