যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে। গত দুই সপ্তাহের কম সময়ে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।
একই সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ৭ জুলাই থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১০০ মার্কিন সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। তাদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাতে আহত সেনাদের তথ্য প্রকাশে মার্কিন সামরিক বাহিনী ধীরগতি দেখিয়েছে।
তবে পেন্টাগনের ভাষ্য, সেনাদের নিরাপত্তার স্বার্থেই কিছু তথ্য প্রকাশে সময় নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, এসব হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বান্দার আব্বাস, কেশম ও হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজের নাবিকরা জাহাজ ছেড়ে লাইফবোটে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ।
চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচলও কমে এসেছে।
সূত্র: সিএনএন
সময়ের আলো/এমকে