ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সফরে গ্রেফতারের সম্ভাবনার কথা বলেছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে সেই বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নেতানিয়াহুকে কখনোই গ্রেপ্তার করা হবে না। তার ভাষায়, নেতানিয়াহু এমন একটি সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, যেটিকে তিনি ‘ইসলামিক রিপাবলিক অব ইরান’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন।
ট্রাম্প আরও দাবি করেন, প্রকৃতপক্ষে গ্রেপ্তার করা উচিত তাদের, যারা ইরানকে ‘মৃত্যু ও ধ্বংসের পথে’ নিয়ে গেছে। তিনি বলেন, এ ধরনের সমস্যা অনেক আগেই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্টদের সমাধান করা উচিত ছিল।
আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। এর আগে মার্কিন সংবাদমাধ্যম **দ্য নিউইয়র্ক টাইমস**-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।
মামদানি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর হেগে আইসিসির হেফাজতে থাকা উচিত। এ বিষয়ে নিউইয়র্ক সিটিতে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা জানতে তিনি ইতোমধ্যে নগর প্রশাসনের আইন বিভাগের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।
সময়ের আলো/এসএকে