প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ বিভিন্ন বিশেষ সেবা চালুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
আফরোজা খানম বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসী কার্ডধারীদের জন্য প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব সুবিধা বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়া হবে।
সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার বিভিন্ন দিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন