আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং ব্যাংক ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। একই সঙ্গে লাভজনক পদে কর্মরত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আখতার আহমেদ আরও জানান, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিষয়ে কমিশন নীতিগতভাবে এগোচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনা করে কয়েকটি সংশোধনীর প্রস্তাব এসেছে। এর মধ্যে নির্বাচনী আচরণবিধি সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
ইসি সচিব জানান, প্রস্তাবিত সংশোধনীগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংশ্লিষ্ট আইন সংশোধন ও অনুমোদনের পর এসব নতুন বিধান কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু শর্ত ও বিধিনিষেধ যুক্ত হবে।
সময়ের আলো/এসএকে