গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহিদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রামের জুলাই পদযাত্রায় অংশ নিতে আসবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি।
ঘোষণা অনুযায়ী, শীর্ষ নেতাদের উপস্থিতিতে পদযাত্রাটি শহরের কলেজ মোড়স্থ ‘জুলাই চত্বর’ থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে কুড়িগ্রাম জেলাজুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন টাঙানো ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন এবং যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।