প্রিয় দলের হারে চরম হতাশ হয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন দুই ভক্ত। মাথা ন্যাড়া করে প্রকাশ্যে আর্জেন্টিনার সমর্থন চিরতরে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (২০ জুলাই) চাঞ্চল্যকর ও ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী বিশ্বালের পাড়া এলাকায়।
মাথা ন্যাড়া করা ওই দুই যুবক হলেন স্থানীয় বাসিন্দা রোমান ও আল-আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবলে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন তারা। কিন্তু সম্প্রতি দলের অপ্রত্যাশিত হারে চরম ভেঙে পড়েন এই দুই ভক্ত। প্রিয় দলের এমন নৈরাশ্যজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন তারা এবং একই সঙ্গে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজেদের পরিচয় না দেওয়ার ঘোষণা দেন।
মাথা ন্যাড়া করার পর ক্ষোভ প্রকাশ করে রোমান বলেন, অনেক আশা ছিল প্রিয় দল জয়ী হবে, কিন্তু তারা আমাদের চরম হতাশ করেছে। সারারাত জেগে খেলা দেখে এই উপহার পাব ভাবিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো দিন নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে দাবি করব না।
একই অনুভূতি প্রকাশ করে আল-আমিন বলেন, আমাদের আবেগ নিয়ে খেলা করা হয়েছে। ভক্তদের ভালোবাসার মূল্যায়ন তারা করতে পারেনি। এই দুঃখ ও কষ্ট থেকেই মাথা ন্যাড়া করেছি। আজ থেকেই আর্জেন্টিনার প্রতি আমার সমস্ত সমর্থনের সমাপ্তি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, খেলা নিয়ে তরুণদের এমন উন্মাদনা এর আগে দেখিনি। দল হারার পর দুজন সত্যি সত্যিই নাপিত ডেকে মাথা ন্যাড়া করে ফেলল! বিষয়টিতে আমরা যেমন অবাক হয়েছি, তেমনি অনেকে মজাও পেয়েছে।
বিষয়টি সম্পর্কে ছিনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ বিনোদন ও সৌহার্দ্য রক্ষা করা। হার-জিত খেলারই একটি স্বাভাবিক নিয়ম। ফুটবল ঘিরে তরুণদের এই অতিরিক্ত আবেগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে সমর্থকদের সব সময় ধৈর্যশীল ও সহনশীল হওয়া উচিত।
সময়ের আলো/জোই