প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম
সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। ছবি : সময়ের আলোবরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুস গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।
প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন, শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।
এর আগে তাদের বিরুদ্ধে ঘুস লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া ঘুস লেনদেনের ভিডিও ধারণকে কেন্দ্র করে মিরাজ নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে রোববার জারি করা আদেশে সানজিদা আক্তার ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই আদেশে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই