প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম
মশিউর রহমান বাবলু। ছবি : সংগৃহীতআজমিরীগঞ্জে সরকারি রাস্তার পাশের তিনটি বড় মেহগনি গাছ কেটে বিক্রির ঘটনায় মশিউর রহমান বাবলু (৫৭) নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা তিনি ঘটনাস্থলেই পরিশোধ করেছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী।
দণ্ডিত মশিউর রহমান বাবলু আজমিরীগঞ্জ উপজেলার আটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জলসুখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুর রহমান সুনা মিয়ার ছেলে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে সরকারি দফতর বন্ধ থাকার সুযোগে গাছ কাটার শ্রমিক দিয়ে জলসুখা ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন সরকারি রাস্তার পাশের বড় তিনটি মেহগনি গাছ কাটেন বাবলু। পরে গাছগুলো স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি।
কাটা গাছ নিয়ে যাওয়ার সময় বাবলুকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী। এ সময় কাটা তিনটি মেহগনি গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবলুকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় মশিউর রহমান বাবলুকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই