প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ এএম
ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য। ছবি : সংগৃহীতঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের আলো ছড়াচ্ছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তিন কৃতি সন্তান। একে একে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে তারা দেশের পাশাপাশি লক্ষ্মীপুর জেলার নাম উজ্জ্বল করছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন রামগতির কৃতী সন্তান আকবর হোসেন রিদন। তার প্রশিক্ষণ ও নির্দেশনায় গড়ে ওঠা শিষ্যরাও এখন বিশ্ব ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করছেন। একই দলের ৭ নম্বর জার্সিধারী উদীয়মান ফুটবলার তাকিব বর্তমানে ইউরোপের দেশ আজারবাইজানে খেলছেন।
অন্যদিকে, রামগতির কৃতি সন্তান ও রামগতি উপজেলা ফুটবল অ্যাকাডেমির প্রতিভাবান তরুণ ফুটবলার সৌরভ জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে। আরব আমিরাতে আগামী ৮ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭’-এর বাছাইপর্বে বাংলাদেশের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন তিনি।
ছোটবেলায় লক্ষ্মীপুরের একই মাঠ থেকে উঠে আসা এই তিন ফুটবল তারকার এমন অনন্য অর্জনে আনন্দে ভাসছেন স্থানীয় ক্রীড়ামোদী জনতা ও রামগতির সর্বস্তরের মানুষ। জাতীয় দলের তারকা ক্রিকেটার হাসান মাহমুদের পর ফুটবল অঙ্গনেও তাদের এই জয়যাত্রা বিশ্বজয়ের নতুন স্বপ্ন দেখাচ্ছে।
দীর্ঘদিনের কঠিন সাধনা ও মেহনতের এমন স্বীকৃতিতে আবেগাপ্লুত কোচ আকবর হোসেন রিদন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আজ আমার ফুটবল জীবনের ৮০ শতাংশ আকাঙ্ক্ষা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। বাকি সাফল্য মহান আল্লাহর ওপর ছেড়ে দিলাম।
লক্ষ্মীপুরের মাটি থেকে উঠে আসা এই কোচ ও ফুটবল যোদ্ধাদের হাত ধরে বাংলাদেশের ফুটবল আরও বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।
সময়ের আলো/জোই