আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ওই তরুণী ফেসবুকে আর্জেন্টিনার জার্সি পরা

2026-07-22T10:23:33+00:00
2026-07-22T10:23:33+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:২৩ এএম 
ছবি : সংগৃহীত
অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ওই তরুণী ফেসবুকে আর্জেন্টিনার জার্সি পরা ছবি শেয়ার করে ভাইরাল হন। যশোরের শার্শা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রুনাকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ই-ট্রানজেকশন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট পরিচালনা করছে।

পরে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রুনাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি দামি স্মার্টফোন ও বিভিন্ন আইএমইআই নম্বরযুক্ত সিম জব্দ করা হয়।


ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও ডিজিটাল অপরাধ-সংক্রান্ত প্রযোজ্য ধারায় মামলা করেন। সোমবার দুপুরে রুনাকে যশোরের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন জানান, অনলাইন জুয়ার এই চক্রের সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আর্জেন্টিনা  অনলাইন জুয়া  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: