দিনাজপুরের খানসামা উপজেলায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রসুল করিম বাবু (৪২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের সাবেক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মরহুম রহিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন এবং প্রায় ২০ বছর ধরে ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছিলেন বাবু। দুর্ঘটনার সময় ইজিবাইকে আটজন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও চারজন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই