নানা জটিলতা পেরিয়ে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গন’। সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে এলেও বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে কয়েক দিন আগেই। অগ্রিম টিকেট বিক্রিতে নজির সৃষ্টি করেছে সিনেমাটি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই বিজয়ের শেষ অভিনীত চলচ্চিত্র হওয়ায় ভক্তদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
লাইফ সূত্রে জানা গেছে, অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিন ২১ জুলাই বিশ্বজুড়ে তৈরি হয়েছে বিশাল উদ্দীপনা। ভারতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৬ লাখেরও বেশি টিকেট বিক্রি হয়ে গেছে। মঙ্গলবারের হিসাব অনুযায়ী, সিনেমাটি এরই মধ্যে অগ্রিম বুকিং থেকে আয় করে নিয়েছে প্রায় ১৫ কোটি টাকা। প্রথম উইকএন্ডের জন্য বিশ্বব্যাপী প্রি-সেল বুকিং ২৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। কোনো ধরনের প্রচার ছাড়াই সিনেমার জন্য এই উন্মাদনা অবিশ্বাস্য। পুরো ভারতজুড়ে ৮ হাজার শো নির্ধারণ করা হয়েছে। হল মালিকরা টিকেট নিয়ে ভক্তদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।
এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত ‘জন নয়গন’ প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা ছিল। তবে সেন্সর বোর্ডের আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। পরে সিনেমাটি ‘এ’ সনদ পেয়ে মুক্তির অনুমতি মেলে।
বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, কেরালাসহ বিভিন্ন অঞ্চলে অগ্রিম বুকিং শুরু হয় সপ্তাহখানেক আগেই। বেঙ্গালুরুতে সিনেমাটির চাহিদা সবচেয়ে বেশি। অন্যদিকে তামিলনাড়ুতে সরকারি নীতিমালার কারণে টিকেটের মূল্য নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে। সেখানে সর্বোচ্চ টিকেটের দাম ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। চেন্নাইয়ের জনপ্রিয় কমলা সিনেমাস জানিয়েছে, বুকিং চালুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকেট বিক্রি করেছে।
বিদেশেও সিনেমাটি ঘিরে আগ্রহ দেখা গেছে। যুক্তরাজ্যে অগ্রিম টিকেট বিক্রিতেও ভালো সাড়া মেলে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় একযোগে মুক্তি পাবে ‘জন নয়গন’।
২০২৩ সালের তেলুগু সিনেমা ভগবন্ত কেসরির আনুষ্ঠানিক রূপান্তর এই চলচ্চিত্রে বিজয়কে দেখা যাবে সাবেক পুলিশ কর্মকর্তা ও গণনেতার চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামণি।
বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটিতে পরিণত হয়েছে ‘জন নয়গন’। বিজয়ের বিদায়ি সিনেমা বক্স অফিসে ঠিক কতটা ইতিহাস গড়ে, সেটিই এখন দেখার অপেক্ষা।
সময়ের আলো/আরবিএন