নিজের দক্ষতা ও বহুমুখী চরিত্র দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছেন ছোটপর্দার অভিনেতা পার্থ শেখ। অল্প সময়ের অভিনয়জীবনে নাটক, ওয়েব ফিল্ম, মিউজিক ভিডিওতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। নির্মাতা ও দর্শকদের কাছে রয়েছে তার আলাদা গ্রহণযোগ্যতা। পার্থর নাটক মানেই ভিন্ন কিছু। সম্প্রতি প্রচারে এসেছে এই অভিনেতার নাটক ‘ফিরে আসার গল্প’। প্রিন্স রোমান পিকিউয়ের রচনা ও পরিচালনায় এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ। বরাবরের মতো এখানেও তার অভিনয় মন ভরিয়েছে দর্শকদের।
সাংস্কৃতিক ভিন্নতা ও যৌথ পরিবারের কঠোর রীতিনীতির সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই আবর্তিত হয়েছে এই নাটকটি। পাশাপাশি পারিবারিক প্রত্যাশা এবং নিজের স্বপ্ন ও ক্যারিয়ার গড়ার টানাপোড়েনে সম্পর্কের জটিল সমীকরণ ও মানসিক দ্বন্দ্বও ফুটে উঠেছে। প্রচারে আসার ২৪ ঘণ্টায় নাটকটি প্রায় ২৭ হাজার দর্শক উপভোগ করেছে। পার্থ বলেন, দর্শক সবসময় ভালো গল্পের কাজ দেখতে চান। ‘ফিরে আসার গল্প’ নাটকটি তেমনই। পারিবারিক রীতিনীতির পাশাপাশি ব্যক্তি জীবনের টানাপোড়েন ও ভালোবাসা গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতোই।
এই নাটকে পার্থর বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। এর আগেও এই জুটির বেশ কিছু নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে। নাটকের বাইরে গান ভিডিওতেও দেখা গেছে তাদের। গত মে মাসের শেষ দিকে গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ হয় মিউজিক ভিডিও ‘মন বুঝি না’। জিসান খান শুভর কণ্ঠে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। রহিত রহমান সৈকতের নির্দেশনায় নির্মিত ভিডিওটিতে মডেল হয়েছেন পার্থ শেখ ও আইশা খান।
অন্যদিকে ওয়েব অঙ্গনেও প্রশংসিত পার্থ। চলতি বছরের আলোচিত ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে।
চা-শ্রমিকদের জীবন, সংগ্রাম এবং স্বপ্ন কেন্দ্র করে নির্মিত এই ফিল্মে পার্থ অভিনয় করেছেন ‘মিঠু’ চরিত্রে। বিশেষ করে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম মানবিকভাবে তুলে ধরার জন্য ‘চা গরম’ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ফিল্মটি মুক্তি পায় চরকিতে।
এর আগে আইস্ক্রিনে প্রকাশিত ‘নয়া নোট’ ওয়েব ফিল্মে পার্থ শেখের অভিনয় দর্শকদের মন জয় করে। অনন্য প্রতীক চৌধুরী পরিচালিত এই ফিল্মটি মূলত ঢাকার কোলাহলময় রাস্তায় গড়ে ওঠা এক ভিন্নধর্মী গল্প, যেখানে দুটি সম্পূর্ণ ভিন্ন জীবনের মানুষ অপ্রত্যাশিতভাবে মিলিত হয়। এতে রেহান নামে এক চাকরিজীবী তরুণের চরিত্রে অভিনয় করেছেন পার্থ।
এখন অভিনয়ে ব্যস্ততা থাকলেও পার্থ একসময় ভালো ক্রিকেট খেলতেন। স্বপ্ন দেখতেন জাতীয় দলে খেলার। কিন্তু খেলতে গিয়ে হঠাৎ স্পাইনাল কর্ডের ইনজুরি তার স্বপ্ন ভেঙে দেয়। নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন শোবিজ অঙ্গনে। সফলতাও পেয়ে যান। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতাদের একজন পার্থ। প্রতিনিয়ত কাজের প্রস্তাব পেলেও অভিনয় করছেন বেছে বেছে।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, যে গল্পগুলো আমার জন্য চ্যালেঞ্জিং, নতুন অভিজ্ঞতা, আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে, নতুনভাবে আবিষ্কার করবে এমন কিছু খুঁজে বেড়াই। নতুন চরিত্রে অভিনয় মানেই নিজেকে নতুনভাবে দেখা।
ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও বড়পর্দায় দেখা যায়নি এই অভিনেতাকে। সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে পার্থ বলেন, নাটক ও ওটিটির কনটেন্ট নিয়েই বেশি ব্যস্ত। এ কারণে আপাতত সিনেমা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে না। ভালো গল্পের স্ক্রিপ্ট ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় আমাকে দেখা যাবে।
সময়ের আলো/আরবিএন