স্বাস্থ্যগত কিংবা যেকোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ বা অপশন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি না— সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সরকারের তরফ থেকে নেওয়ার মতো কোনো পদক্ষেপ নেই। বিষয়টি পুরোপুরি গণমাধ্যমে প্রকাশিত গুঞ্জনের পর্যায়ে রয়েছে।’
রাষ্ট্রপতি অসুস্থতার কারণে পদ থেকে সরতে চান কি না— এমন প্রশ্নে তিনি জানান, সম্প্রতি চিকিৎসার জন্য রাষ্ট্রপতি বিদেশে গিয়েছিলেন। তবে তিনি পদত্যাগ করতে চান কি না, সেই উত্তর রাষ্ট্রপতি নিজেই দিতে পারবেন।
সংবিধান ও নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রপতি যদি শারীরিক অসুস্থতা বা অন্য যেকোনো কারণে পদ ছাড়তে চান, তবে সাংবিধানিকভাবে সেই সুযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী তাকে স্পিকারের বরাবর পদত্যাগপত্র জমা দিতে হয়। এর বাইরে এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।’
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা ও জল্পনা চলছে। বিএনপি ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করেই এই পদত্যাগ ঘটতে পারে। তবে বঙ্গভবন কিংবা সরকারের কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি