বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ সময় সহকর্মীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বিএসএফ সদস্য।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ক্যাম্পের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটেলিয়নের কিছু জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এরপরেই চলে গুলি।
বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর রাজশাহী সীমান্তের এপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার দুপুরে সেখানে বিবাদে জড়ান দুই ব্যাটেলিয়নের কয়েকজন বিএসএফ জওয়ান। এরপরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তার গুলিতেই মৃত্যু হয় ৭১ নম্বর ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হন একজন ৭১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান।
নিহতরা হলেন, অজয় কুমার সিং বয়স (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। এছাড়া গুরুতর আহত হয়েছেন বিকাশ ব্রম্ম (৪৪)। তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিএসএফ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জওয়ানরা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় গুলির ঘটনা ঘটে। অভিযুক্ত শিবমের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিএসএফের নিজস্ব আইনে তার শাস্তি হয়েছিল। দিন কয়েক আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। সম্প্রতি তাকে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তার মধ্যেই ফের এই কাণ্ড।
জানা গেছে, ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্তকে।
সময়ের আলো/আআ