শহিদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী, বোদা ও দেবীগঞ্জে দুই সদস্যের কর্মসংস্থান

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহিদ পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার হাত বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

2026-07-24T10:21:24+00:00
2026-07-24T10:21:24+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
শহিদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী, বোদা ও দেবীগঞ্জে দুই সদস্যের কর্মসংস্থান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:২১ এএম 
বোদা ও দেবীগঞ্জে দুই শহিদ পরিবারের সদস্যকে কর্মসংস্থানের সুযোগ। ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহিদ পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার হাত বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তার বিশেষ উদ্যোগে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার দুই শহিদ পরিবারের সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা পঞ্চগড়-২ আসনের বোদা ও দেবীগঞ্জ উপজেলার ‘সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে’ অফিস সহায়ক পদে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহিদ সুমনের বোন মোছা. মনিজা এবং দেবীগঞ্জ উপজেলার মাড়েয়া ইউনিয়নের জুলাই শহিদ আবু ছাইদের ছেলে মামুন ইসলাম।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে একজন করে অফিস সহায়ক নিয়োগের সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিশেষ সুপারিশ ও নির্দেশনায় শহিদ আবু ছাইদের ছেলে মামুন ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই তথ্য নিশ্চিত করে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও অগ্রাধিকারের ভিত্তিতে শহিদ সুমনের বোন মোছা. মনিজাকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে মামুন ইসলাম বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই আমার বাবা ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গিয়ে নিজে গুলিতে শহিদ হন। আজ ২৩ জুলাই প্রতিমন্ত্রী আমাকে তার কার্যালয়ে কাজের সুযোগ করে দিয়েছেন। বাবার হারানোর শোক তো আর পূরণ হবে না, তবে এই কর্মসংস্থান আমাদের পরিবারকে ঘুরে দাঁড়াতে শক্তি জোগাবে। আমি প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা যেমন মহান একাত্তরকে হৃদয়ে ধারণ করি, তেমনি ২০২৪-এর জুলাই বিপ্লবকেও সমানভাবে শ্রদ্ধা করি। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই অঙ্গীকার থেকেই দুই শহিদ পরিবারের সদস্যকে নিয়োগের ব্যবস্থা করেছি।

প্রতিমন্ত্রী আরও জানান, শুধু সরকারি কর্মসংস্থানই নয়, তিনি তার ব্যক্তিগত সম্মানী (বেতন) থেকে জেলার আরও চারটি জুলাই শহিদ পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

শহিদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ। তারা মনে করেন, এমন উদ্যোগ শহিদদের ত্যাগের প্রতি রাষ্ট্রের প্রকৃত সম্মানের বহিঃপ্রকাশ।

সময়ের আলো/জোই



  বিষয়:   শহিদ পরিবার  প্রতিমন্ত্রী  বোদা  দেবীগঞ্জ  কর্মসংস্থান  সময়ের আলো  পঞ্চগড়  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: