আলমডাঙ্গা-মিরপুরের সংযোগ সেতু ঝুঁকিপূর্ণ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সীমানায় কুমার নদীর ওপর নির্মিত ‘হাড়গাড়ি-বাজিতপুর ব্রিজটি’ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় তিন

2026-07-24T12:11:28+00:00
2026-07-24T12:11:28+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
আলমডাঙ্গা-মিরপুরের সংযোগ সেতু ঝুঁকিপূর্ণ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম 
আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সীমানায় কুমার নদীর ওপর নির্মিত ‘হাড়গাড়ি-বাজিতপুর ব্রিজটি’। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সীমানায় কুমার নদীর ওপর নির্মিত ‘হাড়গাড়ি-বাজিতপুর ব্রিজটি’ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় তিন দশক আগে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্ক নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।

এই ব্রিজটি মিরপুর উপজেলার সুকচা, বাজিতপুর, পাগলা, চকহারদীসহ অন্তত ১০-১২টি গ্রামের মানুষের আলমডাঙ্গা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবী এই জরাজীর্ণ সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের নিচের পিলারগুলোতে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। দুই পাশের সুরক্ষা প্রাচীরও (উইং ওয়াল) অনেকাংশে ভেঙে পড়েছে। এছাড়া সেতুটি অত্যন্ত সরু হওয়ায় একটি ইজিবাইক বা ভ্যান উঠলে বিপরীত দিক থেকে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে সেতুজুড়ে নিত্যদিনের ভোগান্তি লেগেই থাকে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকেরা। জরাজীর্ণ হওয়ায় সেতু দিয়ে পণ্যবোঝাই ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। ফলে কৃষিপণ্য ও মালামাল পরিবহনে আলমডাঙ্গায় পৌঁছাতে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।


প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী এক এনজিও কর্মী বলেন, নিয়মিত এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে ভয়ে বুক কেঁপে ওঠে। যে অবস্থায় আছে, কখন ভেঙে পড়ে বলা যায় না। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি।

হাড়গাড়ি গ্রামের কৃষক মহির উদ্দিন ও মোজাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, তিন দশকের পুরোনো সেতুটি এখন আর ব্যবহারের উপযোগী নেই। ভারী গাড়ি চলতে না পারায় উৎপাদিত ধান, পাট ও সবজি বাজারে নিতে সময় ও পরিবহন খরচ দুটোই দ্বিগুণ হচ্ছে। অবিলম্বে দুটি গাড়ি যেন একসঙ্গে চলতে পারে—এমন একটি বড় ও প্রশস্ত সেতু নির্মাণের দাবি জানান তারা।

ঝুঁকি নিয়ে গাড়ি চালানো এক ইজিবাইক চালক বশির আলী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করি। ব্রিজে গাড়ি উঠলেই কেঁপে ওঠে। আমাদের একটাই দাবি, 

জনদুর্ভোগের কথা স্বীকার করে কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মহাবুল বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষের আলমডাঙ্গা শহরের ওপর নির্ভরশীলতা বেশি। বর্তমানে ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ জানান, আমি নিজে ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করেছি। কুমার নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের জন্য এটিকে ‘কেডিআরআইডিপি’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।

কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কুমার নদীর ওপর একটি নিরাপদ, আধুনিক ও প্রশস্ত নতুন সেতু নির্মাণের মাধ্যমে দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই


  বিষয়:   আলমডাঙ্গা  চুয়াডাঙ্গা  মিরপুর  সংযোগ সেতু  ঝুঁকিপূর্ণ  ব্রিজ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: