জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত করবেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।
এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সময়ের আলো/এসএকে