ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০০ তরুণ কুরআনে হাফেজকে সম্মাননা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পবিত্র কুরআন মুখস্থ করার প্রচেষ্টার স্বীকৃতি এবং তাদের শিক্ষা ও ধর্মীয় চর্চা অব্যাহত রাখতে উৎসাহিত করার লক্ষ্যে আমিরাতের মানবিক সহায়তা কার্যক্রম ‘অপারেশন শিভ্যালরাস নাইট-৩’ এর উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, গাজার এই ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে শিশু-কিশোরদের সহায়তা এবং ইতিবাচক মূল্যবোধের প্রসার ঘটাতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজারো অভিভাবক ও পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন কুরআনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইকরা অ্যাসোসিয়েশন, দারুল কুরআন আল-করিম, দারুল ইতকান, ইয়ং মুসলিম উইমেন অ্যাসোসিয়েশন, আল-সাফা একাডেমি এবং আল-সাহাবা অ্যাসোসিয়েশন।
গর্ব ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ধর্মীয় সঙ্গীত পরিবেশনা এবং মেধাবী শিশু ও কুরআন মুখস্থকারীদের স্বীকৃতি প্রদান করা হয়, যা শিশুদের দৃঢ় সংকল্প এবং মূল্যবোধের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে আমিরাতের পক্ষ থেকে সম্মানিত শিশুদের আনন্দ দিতে এবং পবিত্র কুরআন মুখস্থ করা চালিয়ে যেতে উৎসাহিত করার জন্য উপহার ও আর্থিক অনুদান প্রদান করা হয়।