ইরানে নতুন করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও

2026-07-25T11:16:41+00:00
2026-07-25T11:16:41+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে নতুন করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম 
ছবি : সংগৃহীত
ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক শাস্তি’র হুঁশিয়ারি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের পথও এখনো খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

দুই সপ্তাহ আগে ভেঙে যাওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতির পর সংঘাত আরও তীব্র হয়েছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত, বাহরাইন, জর্ডান ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। পাশাপাশি এসব দেশে মার্কিন ব্যবহৃত বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা এবার আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আন্তরিক বলে মনে হচ্ছে। তবে তার মানে এই নয় যে আমরা সমঝোতায় পৌঁছে গেছি।

তিনি বলেন, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার দুটি পথ রয়েছে— একটি সামরিক, যেখানে হামলা আরও জোরদার করা হবে; অন্যটি হলো আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো। তবে তিনি সতর্ক করে বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজন হলে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।

ট্রাম্প আরও জানান, আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করবেন। মঙ্গলবার দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন হামলার পর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুনের শেষ দিকে সংঘর্ষ পুনরায় শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ৫৯ জন নিহত এবং ৬৬৬ জন আহত হয়েছেন।

এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডের প্রধানের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, একজন ইরানি নিহত হলে তার বদলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। অন্যদিকে পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং শত শত সেনা আহত হয়েছেন।

সংঘাত বন্ধে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর পথ খুঁজছে পাকিস্তান। একাধিক সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগের পর ইসলামাবাদ এ বিষয়ে সক্রিয় হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সাম্প্রতিক পাকিস্তান সফরেও এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

হুথিদের হামলায় লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। শুক্রবার সৌদি আরব জানায়, তাদের একটি জাহাজের গায়ে সামান্য ক্ষতি হয়েছে। এর জবাবে ইয়েমেনে হুথিদের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে হুথিদের হামলার কারণে কয়েকটি তেলবাহী জাহাজ রুট পরিবর্তন করে সুয়েজ খাল হয়ে আফ্রিকা ঘুরে এশিয়ার দিকে যেতে বাধ্য হয়েছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে জাহাজ চলাচল ও বীমা ব্যয়ও বেড়েছে।

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা কুয়েতের ক্যাম্প বুহরিং, ক্যাম্প আরিফজান ও ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ব্যবহৃত একটি নজরদারি টাওয়ার উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।


সময়ের আলো/কেএইচ

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: