চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে চুরি, ভাঙচুর এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমান পরিচালনা কমিটির দুজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
কমিটির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত আশ্রমে অনধিকার প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরবর্তীতে তারা আশ্রমের অফিসের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিভিন্ন মালামাল এবং ড্রয়ারে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
এরপরের দিন শুক্রবার বিকেলে একদল ব্যক্তি আশ্রমে প্রবেশ করে পরিচালনা কমিটির সদস্যদের ওপর হামলা চালায়। সেসময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে উপস্থিত এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অপচেষ্টা চালানো হয়।
বর্তমান পরিচালনা কমিটির নেতাদের দাবি, বিগত সরকারের সময়ে দায়িত্ব পালন করা পূর্ববর্তী কমিটির নানাবিধ আর্থিক অনিয়ম ও হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। মূলত বহিষ্কৃত পক্ষটিই আশ্রমে চুরি ও এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। ওই পক্ষের দুই সেবকের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া রয়েছে বলেও তারা জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পূর্ববর্তী কমিটির বহিষ্কৃত দুই সেবক। বর্তমান কমিটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও তারা চুরি ও হামলার ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে দিয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার নাথ, সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক সবুজ মল্লিক, অর্থ সম্পাদক মোহন পাল এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই