রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৫ জুলাই) সকালে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং একই এলাকার দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। এছাড়া আহত মোটরসাইকেলচালক অজিত চন্দ্র সরকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক পাগলাপীরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রথবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সময়ের আলো/জোই