নাটোরে বড়াইগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামের এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন জাহান মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০)। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত তরুণীর সঙ্গে আহত দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। পরবর্তীতে মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তিনি গুরুদাসপুরে আসেন। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিনজন মোটরসাইকেলে করে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তরুণী নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা পৌঁছানোর পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সময়ের আলো/জোই