প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০৯ পিএম
হাসপাতালে স্বর্ণালংকার চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেফতার। ছবি : সময়ের আলোচট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে স্বর্ণের চেইন চুরির অভিযোগে স্বর্ণালংকার চোর চক্রের সাত নারীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১১টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কির সৃষ্টি করেন। এই সুযোগে চিকিৎসাসেবা নিতে আসা তিন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান তারা। চেইনগুলোর মোট ওজন ছিল আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাত নারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়।
গ্রেফতার নারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আমিনা খাতুন (৩৬)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় রোববার একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/আতা