মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত দেশটি সফর করবেন।
সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়গুলো গুরুত্ব পাবে।
এছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।
উল্লেখ্য, ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলন শেষে মালদ্বীপে যান পররাষ্ট্রমন্ত্রী।
সময়ের আলো/আরবিএন