যোগ্য প্রার্থী না পাওয়ায় জেলা পর্যায়ের কোচ নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬১টি পদের বিপরীতে আয়োজিত পরীক্ষায় অংশ নেওয়া ২১৮ জন প্রার্থীর অধিকাংশই লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে কাঙ্ক্ষিত সংখ্যক কোচ নির্বাচন করা সম্ভব হয়নি।
জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা নেয় বিসিবি। প্রথম দিনে লিখিত পরীক্ষা এবং পরদিন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে দুই পরীক্ষাতেই বেশির ভাগ প্রার্থী ব্যর্থ হওয়ায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়।
পরীক্ষায় প্রাথমিকভাবে মাত্র ৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে তাদের মধ্য থেকেও কয়েকজনের যোগ্যতার শর্ত পূরণ হচ্ছে কি না, তা যাচাই করছে বিসিবি। ফলে চূড়ান্তভাবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়।
এ কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিসিবি সূত্র জানিয়েছে, জেলা পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করতে দক্ষ ও যোগ্য কোচ নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদগুলো পূরণের চেষ্টা করবে বোর্ড।
সময়ের আল/এমকে