দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কথিত ‘বাঘ আতঙ্কে’ একটি নিরীহ মেছোবিড়ালকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত এলাকাবাসী। দিনভর চলা উদ্ধার অভিযানের পর শনিবার (২৫

2026-07-26T14:37:23+00:00
2026-07-26T14:37:23+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম 
জনতার পিটুনিতে মেছোবিড়ালটি মারা যায়। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কথিত ‘বাঘ আতঙ্কে’ একটি নিরীহ মেছোবিড়ালকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত এলাকাবাসী। দিনভর চলা উদ্ধার অভিযানের পর শনিবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভার ছিলিমপুর এলাকায় প্রশাসনের চোখের সামনেই এই ঘটনা ঘটে। বন্যপ্রাণীটি রক্ষায় বন বিভাগের মারাত্মক অবহেলা, অপ্রতুল প্রস্তুতি এবং প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছিলিমপুর গ্রামের প্রয়াত আব্দুল আহাদ চৌধুরীর বাড়ির একটি উঁচু আমগাছে প্রাণীটিকে দেখতে পান কেয়ারটেকার ফিরোজ মিয়া। মুহূর্তের মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়লে লোকজনের মনে ‘বাঘ আতঙ্ক’ তৈরি হয়। কৌতূহলী ও আতঙ্কিত জনতা লাঠিসোটা নিয়ে গাছের চারপাশে ভিড় জমাতে শুরু করে।

খবর পেয়ে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আনিসুর রহমান এবং স্থানীয় থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক রায়ের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের একটি দল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সদস্যরা জনতাকে সরিয়ে দিয়ে চারপাশ কর্ডন করলেও বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটিকে নিরাপদে নামিয়ে আনার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বন্যপ্রাণী রেসকিউ করার মতো আধুনিক কোনো সরঞ্জাম ছিল না বন বিভাগের কাছে। এমনকি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু একটি চটের বস্তা হাতে নিয়ে উদ্ধার করতে এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্দেশে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় মেছোবিড়ালটিকে গাছ থেকে নিচে নামিয়ে আনেন। কিন্তু মাটিতে নামার পরপরই ভীতসন্ত্রস্ত প্রাণীটি দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতার একটি অংশ লাঠি ও টেঁটা নিয়ে সেটির ওপর ঝাঁপিয়ে পড়ে। বেদম প্রহারে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়।

ঘটনাটিকে বন বিভাগের চরম ব্যর্থতা আখ্যা দিয়ে জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না বলেন, জেলা বন কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বন্যপ্রাণীটির এই মর্মান্তিক মৃত্যু হলো। একটি বস্তা নিয়ে উদ্ধার অভিযানে আসার নাটক না করে সঠিক প্রস্তুতি থাকলে উত্তেজিত জনতা এভাবে প্রাণ নিতে পারত না।


ঘটনায় দুঃখ প্রকাশ করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, প্রাণীটিকে অনেকে ভুল করে বাঘ মনে করায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। খবর পেয়েই আমি সুনামগঞ্জ জেলা বন বিভাগে দ্রুত পদক্ষেপ নিতে বলি। তবে এভাবে পিটিয়ে মারাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি অত্যন্ত মর্মান্তিক।

তবে স্থানীয়দের এসব অভিযোগ ও প্রত্যক্ষদর্শীর চোখের সামনে ঘটা ঘটনা পুরো অস্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান। মুঠোফোনে তিনি দাবি করেন, সেটি কোনো বাঘ ছিল না, একটি মেছোবিড়াল। আমরা যখন পৌঁছাই, তখন প্রাণীটি নিজে থেকেই গাছ থেকে নেমে পাশের জঙ্গলে পালিয়ে যায়। তাই আমরা চলে আসি। পরবর্তীতে সেখানে কী ঘটেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   দিনভর  উদ্ধার অভিযান  প্রশাসন  মেছোবিড়াল  পিটিয়ে মারল  স্থানীয়রা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: