পরিকল্পনা সাজিয়ে কাজ করলে বরকত হয়

মুফতি আহমাদুল্লাহ মাসউদ

ইসলাম

আল্লাহ তায়ালা এই পৃথিবীকে একটি নির্ধারিত নিয়ম, শৃঙ্খলা ও সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা করছেন। সূর্য নির্দিষ্ট সময়ে উদিত হয়, চন্দ্র

2026-07-26T23:02:07+00:00
2026-07-26T23:02:07+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
ইসলাম
পরিকল্পনা সাজিয়ে কাজ করলে বরকত হয়
মুফতি আহমাদুল্লাহ মাসউদ
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:০২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
আল্লাহ তায়ালা এই পৃথিবীকে একটি নির্ধারিত নিয়ম, শৃঙ্খলা ও সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে পরিচালনা করছেন। সূর্য নির্দিষ্ট সময়ে উদিত হয়, চন্দ্র নির্ধারিত কক্ষপথে চলাচল করে, ঋতুর পরিবর্তন ঘটে সুনির্দিষ্ট নিয়মে, এমনকি মানুষের জন্ম, মৃত্যু ও রিজিকও আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অন্তর্ভুক্ত। আল্লাহর সৃষ্টিজগতের প্রতিটি স্তরে যখন পরিকল্পনার এত সুস্পষ্ট ছাপ বিদ্যমান, তখন মানুষের জীবন কীভাবে পরিকল্পনাহীন হতে পারে? দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের অনেক ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হলো আবেগপ্রবণতা, অপরিকল্পিত সিদ্ধান্ত এবং বাস্তবতাকে উপেক্ষা করে কাজ শুরু করা। আমরা ফল চাই দ্রুত, কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিতে চাই না। অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয়, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার পাশাপাশি সর্বোচ্চ পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবমুখী কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর সারাজীবনই এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষত হিজরতের ঐতিহাসিক ঘটনায় আমরা পরিকল্পনা, দূরদর্শিতা, গোপনীয়তা, সঠিক দায়িত্ব বণ্টন এবং বাস্তবমুখী নেতৃত্বের সর্বোৎকৃষ্ট নমুনা দেখতে পাই।

ইসলাম কখনো বিশৃঙ্খলা ও তাড়াহুড়োকে সমর্থন করে না। বরং প্রতিটি কাজে চিন্তা, পরামর্শ ও পরিকল্পনার শিক্ষা দেয়। মহান আল্লাহ বলেন, ‘আপনি কাজের ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করুন’ (সুরা আলে ইমরান : ১৫৯)। এই আয়াত প্রমাণ করে যে, রাসুলুল্লাহ (সা.)-এর মতো ওহিপ্রাপ্ত মহান ব্যক্তিত্বকেও আল্লাহ তায়ালা পরামর্শের নির্দেশ দিয়েছেন। তা হলে সাধারণ মানুষের জন্য পরিকল্পনা ও পরামর্শ কত বেশি প্রয়োজন, তা সহজেই অনুমেয়। অন্যত্র আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে এমন সুশৃঙ্খলভাবে দাঁড়ায় যেন তারা সিসাঢালা প্রাচীর’ (সুরা সাফ : ৪)। এই আয়াত থেকে বোঝা যায়, শৃঙ্খলা ও পরিকল্পনা আল্লাহর কাছে কত প্রিয়।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে’ (আস-সুনানুল কুবরা)। অন্য হাদিসে তিনি বলেন, ‘তোমার মধ্যে দুটি গুণ রয়েছে, যা আল্লাহ ভালোবাসেন- সহনশীলতা ও ধীরস্থিরতা’ (সহিহ মুসলিম)। এ হাদিসগুলো প্রমাণ করে যে, একজন মুমিন কখনো আবেগের বশবর্তী হয়ে অন্ধ সিদ্ধান্ত নেন না। রাসুলুল্লাহ (সা.)-এর হিজরত কেবল একটি স্থানান্তরের ঘটনা নয়; বরং এটি নিখুঁত পরিকল্পনা ও দূরদর্শিতার অনন্য দলিল। যখন মক্কার কুরাইশরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করল, তখন তিনি আবেগতাড়িত হয়ে শহর ত্যাগ করেননি, বরং সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেন। দিনের এমন এক সময়ে তিনি হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বাড়ি যান, যখন কেউ সাধারণত বাইরে বের হতো না। এরপর হিজরতের পথ ও দায়িত্ব অত্যন্ত সূক্ষ্মভাবে বণ্টন করা হয়। শত্রুদের দৃষ্টি এড়াতে তিনি সরাসরি উত্তরমুখী পথ বাদ দিয়ে প্রথমে দক্ষিণ দিকে অগ্রসর হন এবং সাওর গুহায় আশ্রয় নেন। এই অসাধারণ কৌশলগত সিদ্ধান্ত শত্রুদের হতভম্ব করে দেয় এবং তাঁকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।


আজ আমাদের ব্যর্থতার পেছনে অপরিকল্পিত জীবনযাপন এবং বাস্তবতাবিবর্জিত চিন্তাধারা দারুণভাবে দায়ী। একজন ছাত্র, ব্যবসায়ী, দাই কিংবা অভিভাবক- প্রত্যেককেই জীবনে সফল হতে হলে তিনটি বিষয় অপরিহার্যভাবে মেনে চলতে হবে : আল্লাহর ওপর অটুট ঈমান, সুপরিকল্পনা এবং বাস্তবমুখী কর্মপদ্ধতি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসুল (সা.)-এর দেখানো সুশৃঙ্খল ও পরিকল্পিত পথে চলার তওফিক দান করুন।

লেখক : শিক্ষক, জামিয়া নূরিয়া ইসলামিয়া, কামরাঙ্গীরচর, ঢাকা

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: