যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী ছিল।
বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।
আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানিয়েছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’
হামলাকারীদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।
ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে সপ্তাহান্তের একটি খাদ্য উৎসব চলছিল। এ আয়োজনে শত শত খাবারের স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা ছিল।
সময়ের আলো/আরবিএন