নব্বই দশকের বলিউডে গোবিন্দ ও কারিশমা কাপুর ছিলেন সবচেয়ে সফল অনস্ক্রিন জুটিগুলোর অন্যতম। ‘হিরো নং ১’, ‘কুলি নং ১’ ও ‘রাজা বাবু’র মতো একাধিক সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও একসময় হঠাৎ করেই তাদের জুটি ভেঙে যায়। দীর্ঘদিন পর সেই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনেত্রী শাগুফতা আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’ এর এই সহ-অভিনেত্রী গোবিন্দ ও কারিশমার সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন। তার ভাষ্য, কারিশমা কাপুর ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং নিজের কাজের প্রতি নিবেদিত। তবে তার আচরণে কিছু সমস্যা ছিল। পাশাপাশি তিনি বেশ জেদি ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন।
গোবিন্দ সম্পর্কে শাগুফতা আলি বলেন, তিনি প্রায়ই শুটিং সেটে দেরি করে পৌঁছাতেন। তবে ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উদার ও বড় মনের মানুষ।
গোবিন্দ ও কারিশমার জনপ্রিয় জুটি কেন ভেঙে গেল এমন প্রশ্নের জবাবে শাগুফতা দাবি করেন, সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ তাদের কমে যায়। তার মতে, কারিশমার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও জেদও এর একটি কারণ হতে পারে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে একই জুটিকে পর্দায় দেখতে দেখতে দর্শকদের মধ্যেও এক ধরনের একঘেয়েমি তৈরি হয়েছিল।
একসময় গোবিন্দ ও কারিশমার প্রেমের গুঞ্জনও বলিউডে ব্যাপক আলোচনায় ছিল। এ প্রসঙ্গে শাগুফতা বলেন, বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট ছিল। যদিও তারা কখনোই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
গোবিন্দর স্ত্রী সুনীতা এ বিষয়টি জানতেন কি না এমন প্রশ্নের উত্তরে শাগুফতা বলেন, তার ধারণা, সুনীতা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে তিনি কখনো সেটে বা প্রকাশ্যে এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করেননি। বরং পুরো বিষয়টি অত্যন্ত মার্জিতভাবে সামলেছেন।
তবে শাগুফতা আলির এসব মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত গোবিন্দ, কারিশমা কাপুর কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সময়ের আলো/আরবিএন