নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দিরসংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভাড়াটিয়া ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সহকারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে ইসদাইরের ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী বাকপ্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ। অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আবু হানিফ একজন সহকারী উপপুলিশ পরিদর্শক। তিনি ১৯৯৬ সালে পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জে যোগদান করেছেন ২০২৪ সালের ১১ নভেম্বর। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই