কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানা রোড এলাকায় দুই পক্ষের পৃথক বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা যায়, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর ২৯ জুলাই হামলার প্রতিবাদে থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এনসিপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে উপজেলার আদম মার্কেট এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক একটি মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হন।
একপর্যায়ে শহিদ লুৎফর রহমান স্মরণী এলাকায় দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে বাকবিতণ্ডার পর সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
রাত পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকায় আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম বলেন, সৃষ্ট ঘটনায় আহতদের কয়েকজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং বাকিগুলো ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। রাতে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেয়।
সময়ের আলো/জোই