হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ৯ নেতার নাম উল্লেখ করে মোট ৪৫ জনের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জনের নাম উল্লেখ করে মোট ৪৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সেটি মামলা হিসেবে রুজু করা হবে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন।
এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি স্লোগান এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগে দাবি করা হয়েছে, এ সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরাসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।
এ ঘটনায় ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
সময়ের আলো/এসএকে