প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে দেশের বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগের মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার নতুন দৃষ্টান্ত তৈরি হলো।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির ফলাফলের ভিত্তিতে উপ-সহকারী প্রকৌশলীদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের কার্যালয়ের বিভিন্ন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১৭ জনকে পদায়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৯ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, লটারিভিত্তিক এই বদলি কার্যক্রমের মাধ্যমে অধীন দপ্তর ও সংস্থাগুলোতে বদলি-পদায়নের ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা চালুর পথ সুগম হলো।
এ বিষয়ে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালিত হওয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি আধুনিক, কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো এ ধরনের লটারিভিত্তিক বদলি প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/এসএকে