বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে জানান, গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাও করব।
শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান।
এনসিপির আহ্বায়ক অভিযোগ করে জানান, এই সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে।
আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে নাহিদ ইসলাম জানান, শনিবার বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।
হবিগঞ্জে দলীয় এনসিপি নেতাকর্মীদের হামলার শিকার হওয়া নিয়ে বিএনপির দিকে অভিযোগ করে জানান, হামলাকারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়নি। সরকার বার্তা দিলো, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।
নাহিদ অভিযোগ করেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গেছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। যদিও তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনসিপি আহ্বায়ক সতর্ক করে বলেন, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নেবো না।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছেড়ে কথা বলেননি নাহিদ। অভিযোগের সুরে বলেছেন, তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।
সময়ের আলো/জোই